চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ ব্যবসায়ী আটক

৮ মার্চ, ২০২২ ২২:২৩  
চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত তিন হাজার টেলিটক সিমসহ ভিওআইপি ব্যবসায়ী নাসির উদ্দিনকে আটক করেছে র‍্যাব-৭। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সহকারী পরিচালক কাকলী দে সানি জানিয়েছেন, অবৈধ ভিওআইপি ব্যবসায় টেলিটক সিম কেন বেশি ব্যবহৃত হচ্ছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ পরিচালক লে. কর্নেল এম এ ইউসুফ জানিয়েছেন,  স্থানীয় ইসমাম টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি অত্যাধুনিক মেশিনসহ ৮২ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব। আর তিন হাজার টেলিটক সিমসহ আটক করা হয় নাসিরকে। আটক নাসির উদ্দিন বিভিন্ন এজেন্টের মাধ্যমে অবৈধভাবে প্রান্তিক মানুষের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এই মোবাইল সিম সংগ্রহ করত বলে জানান তিনি। তিনি আরো জানান, অত্যাধুনিক ডিজিটাল এন্টেনাযুক্ত মেশিন ব্যবহার করে নগরীর পাঁচলাইশ এলাকায় অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছিলেন নাসির উদ্দিন। দেশে বৈধ পথে প্রতিদিন দুই কোটি মিনিট আন্তর্জাতিক কল আসলেও, প্রায় সাড়ে তিন কোটি মিনিট কল অবৈধ ভিওআইপি মাধ্যমে আসে বলেও জানান তারা।